কোরবানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম। শরীরে একটু হাওয়া বাতাস লাগানোর জন্য পুকুর পাড়ে বসে বসে আইফোন টিপছি। সাথে পাশের বাড়ির মুখলেসও বসে আছে।
মুখলেস আমাকে জিজ্ঞেস করলো, আইচ্ছে আইফোনে যে আপেলের ছবিডা থাহে হেইডা অর্ধেকের একটু বেশি কেরে ভাইজান ? পুরাডা আপেলের ছবি দিলে কি ভেজালডা অইতো ?
আমি তার প্রশ্ন শুনে হতবাক হয়ে তাকিয়ে আছি। আসলেই তো অর্ধেক দেওয়ার কি প্রয়োজন ছিল? তবে এর কারণটা যে আমি নিজেও জানি না সেটা প্রকাশ করা যাবে না। কারণ অশিক্ষিত লোকেরা ভাবে যারা শিক্ষিত লোক তারা সবই জানে।
এখন যদি এই মুখলেসকে বলি জানি না তাহলে সে বলবে," কিয়ের শিক্ষিত অইছন ভাইজান এইডা কইতারলাইন না?
তাই আমাকে যেভাবেই হোক একটা বুঝ তাকে দিতেই হবে। না হয় সে গিয়ে আবার সবার কাছে বলে ভেড়াবে জানো মিয়া অমুকে শিক্ষিত অইছে আইফোনে আপেলের ছবিডা অর্ধেক থাহে কেরে হেইডেই ফারে না। হে নাকি আবার শিক্ষিত অইছে।
তাই আমি তাকে একটা জ্ঞানের কথা বলে এর কারণটা বলার চেষ্টা করলাম। আমি বললাম," আসলে আমাদের জীবনে কোনো চাওয়া পাওয়াই শতভাগ পূরণ হয় না। আচ্ছা মুখলেস তুমিই বলো মানুষের ইচ্ছা শতভাগ পূরণ হয় কি? সে বলল, না না ভাইজান এইডা আফনি ঠিহেই কইছইন।
আসলে আইফোনের এই অর্ধেক আপেলের ছবিটা দিয়ে সেটাই বুঝানো হয়েছে। বুঝানো হয়েছে যে, মানুষের জীবনের ইচ্ছে চিরদিনই কিছু না কিছু অপূর্ণই থেকে যায়। মুখলেস মাথা নেড়ে বলে এক্কেবারে খাটি কথা কইছইন ভাইজান। আমার মেলা দিনের ইচ্ছা আছিল একটা সুন্দর বাড়ি করনের। কিন্তু আইজ পর্যন্ত বানাইতারলাম না।
আমি বললাম, মুখলেস দেখ আফসোসের কিছু নেই। এই যে আইফোনটা দেখতেছো এইটার দাম আছে এক লাখ টাকা। আর আমার যে পাজেরো গাড়িটা দেখতে পাচ্ছো সেটার দাম এক কোটি টাকা। কিন্তু কি লাভ বলো ?
এখন যদি এই পুকুর পাড়েই আমার মৃত্যু হয়ে যায়। এই গাড়ি, বাড়ি আইফোন সবই মিথ্যে হয়ে যাবে। এইবার চলো অনেক বাতাস লাগাইলাম। এইবার বাড়ি চলো।
Comments
Post a Comment